রংপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, রংপুরের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদক ও সন্ত্রাস সমস্যা। রংপুরবাসীসহ সাংবাদিকগণের সহযোগিতা নিয়ে রংপুরকে সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত করতে কাজ করবো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলা পুলিশের অভিভাবক হিসেবে পুলিশের সেবার দরজা সবসময় খোলা থাকবে। যে কোন প্রয়োজনে জেলা পুলিশ সবসময় তৎপর থাকবে। রংপুর জেলার সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত করতে পুলিশের সকল থানা ও জেলা পুলিশ আইনগতভাবে সবসময় সচেষ্ট থাকবে। জেলা বাসী যাতে নিরাপদে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা নিয়ে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, সাংবাদিক পেশা হচ্ছে একটি মহান পেশা। এজন্য সাংবাদিকগণ জাতির বিবেক। সাংবাদিকগণের তুলে ধরা তথ্য নিয়ে আমরা দেশের নিরাপত্তা নিয়ে কাজ করি। সাংবাদিকরা সমস্যা বিষয়ে সোচ্চার থাকলে এবং পুলিশের পাশে থাকলে সমাজের নানা রকম অসংগতি দুর করা ও অপরাধ দমনে কাজ করা আমাদের পুলিশের জন্য সহজ হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সমাজের অনাচার রোখে তথ্য পুলিশকে দিলে সেগুলো প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। তাই পুলিশ সুপার হিসেবে সাংবাদিকগণের কাছে সর্বপরি সহযোগিতা কামনা করছি।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সাজ্জাদ হোসেন বাপ্পী, নুরুজ্জামান, বাবলু নাগ প্রমুখ। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদিন, সুশান্ত চন্দ্র রায়সহ রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।