এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সমালোচনার মুখে ২৪ ঘণ্টায় বাতিল

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ পিএম
এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সমালোচনার মুখে ২৪ ঘণ্টায় বাতিল

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জারি করা একটি গণবিজ্ঞপ্তি এবং তার দ্রুত প্রত্যাহারকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বাতিল করার ঘটনাটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য সরকারি নিবন্ধন বাধ্যতামূলক। অথচ অনেক পোর্টাল নিবন্ধন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এসব অনিবন্ধিত পোর্টাল থেকে বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ অবস্থায় এসএমপি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নির্দেশ দেয়, ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে এসব পোর্টালের কোনো কনটেন্ট সামাজিক মাধ্যমে শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়। তবে এই ঘোষণার পরপরই সাংবাদিক মহল, নাগরিক সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং পুলিশের ক্ষমতার সীমা অতিক্রমের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। আইনি ভিত্তি ও বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে আগের আদেশটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে। তবে কেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। পর্যবেক্ষকদের মতে, জনমত ও ব্যাপক সমালোচনার চাপেই এসএমপি দ্রুত অবস্থান পরিবর্তন করেছে, যা সাম্প্রতিক সময়ের একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে