রংপুরে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়কারী শিক্ষার্থী আটক

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:১২ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:১২ পিএম
রংপুরে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়কারী শিক্ষার্থী আটক

অনলাইনে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে প্রতারণার সাথে জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।  বৃহস্পতিবার(৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি। গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এরই প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়। আটক ওই শিক্ষার্থী আরসিসিআই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা এলাকায়। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হলো না।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভূয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ একাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে