ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইশ্বরগ্রাম এলাকায় সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে রিক্সাচালক বাবুল মিয়ার বসতভিটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা বাবুল মিয়া খোলা আকাশের নিচে দিন পার করছেন। জানা যায়, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সামান্য আয়ে বৃদ্ধ মা ও দুই সন্তানকে নিয়ে কোনোমতে সংসার চালাতেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ে তার একমাত্র আশ্রয়স্থলটুকুও ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে স্ত্রী, বৃদ্ধ মা ও দুই সন্তানকে নিয়ে তিনি পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। নতুন করে ঘর নির্মাণের মতো আর্থিক সামর্থ্যও নেই। মানবিক সহায়তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে মুহূর্তের মধ্যেই বাবুলের ঘরের চালার উপর আকাশি গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে। এতে পুরো ঘরটি মাটির সঙ্গে মিশে যায়। রাতেই পরিবারটি নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ বিষয়ে মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, ঝড়ে ঘর ভেঙ্গে যাবার খবনটি জেনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তাব করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে দ্রুততার সাথে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে প্রশাসন সবসময় থাকবে।