জামালপুরে মাপে কম দেওয়ার অপরাধে মেসার্স খাজা পেট্রোলিয়ামকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ এপ্রিল) বিকালে পৌর শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স খাজা পেট্রোলিয়ামে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম এ আদেশ দেয়।
জানা গেছে, খাজা পেট্রোলিয়াম গ্রাহককে মাপে জ্বালানি তেল কম দিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকালে ওই পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পের পেট্রোল ও ডিজেল পরিমাপক যন্ত্র থেকে পরিমাপন পাত্রে জ্বালানি তেল মাপা হয়। সে সময় পেট্রোলে প্রতি ৫ লিটারে ৫৬০ মিলিলিটার ও ডিজেলে প্রতি ৫ লিটারে ১৭০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে পেট্রোল কম দেওয়ার দায়ে ৫০ হাজার ও ডিজেল কম দেওয়ার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন, তেল পরিমাপক যন্ত্রে কারসাজির মাধ্যমে ভোক্তাকে কম দেওয়ার অপরাধে ওই পেট্রোল পাম্প কতৃপক্ষকে পেট্রোল কম দেওয়ার জন্য ৫০ হাজার ও ডিজেল কম দেওয়ার জন্য ৫ হাজার মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।