শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজের জায়গা পরিদর্শন করলেন আইনমন্ত্রী

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৩:৪৭ পিএম
শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজের জায়গা পরিদর্শন করলেন আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার (১ মে) দুপুরে তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইনমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ,

 শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের কারিগরি ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানটির ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উপযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সুযোগ আছে কি না-এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

দীর্ঘদিন ধরে শৈলকুপাবাসী একটি উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই এলাকায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হলে শুধু শৈলকুপা নয়, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে। একই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চতর চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে