আটোয়ারীর নিতুপাড়া উচ্চ বিদ্যালয়

বিদ্যালয়ে সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপ চান এলাকাবাসী

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৫:২৩ পিএম
বিদ্যালয়ে সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপ চান এলাকাবাসী

পঞ্চগড়ের আটোয়ারীর আলোচিত নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ে গত কয়েকদিন ধরে চলমান সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপ চান প্রতিষ্ঠানটির অভিভাবক সহ স্থানীয়রা। সরেজমিন নিতুপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে জানা গেছে, বিদ্যালয়টির সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম অভিভাবক সহ এলাকাবাসীর অগোচরে রেজাউল ইসলাম নামের এক সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভে ফেঁটে পড়েন। যার ফলশ্রুতিতে গত ২৮ এপ্রিল অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে অবস্থান নেন, পরদিন ২৯ এপ্রিল শ্রেণীকক্ষে তালা মেরে বিক্ষোভ দেখান এবং সর্বশেষ ৩০ এপ্রিল বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-কর্মচারীদের প্রবেশে বাধা সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ইউএনও রিপামনি দেবী ও মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ৩০ এপ্রিল বিকেলে শিক্ষক-কর্মচারী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিয়ে সংকট নিরসনে জরুরী সভা করেন। সভায় অভিভাবক ও স্থানীয় লোকজন ইউএনও মহোদয়কে প্রতিষ্ঠানটির সংকট নিরসনে আন্তরিক সহযোগিতা কামনা করেন। একইসাথে ওই বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের কাছ থেকে সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎকৃত অর্থ ফেরৎ পাইয়ে দিতে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা চান এলাকাবাসী। এ প্রসঙ্গে ইউএনও রিপামনি দেবী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিষয়টি মনিটরিং করছি এবং সংকট নিরসনে বিদ্যালয়ে গিয়ে সভা করেছি। আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে সংকট কেঁটে যাবে, তানাহলে নীতিমালা অনুযায়ী বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। এদিকে সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলামের সাথে গত ২৮ এপ্রিল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসংখ্যবার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে