রদ্রিগো থেকে গ্নাব্রি, বিশ্বকাপে দেখা যাবে না যেসব বড় নাম

ক্রীড়া প্রতিবেদক
| আপডেট: ২ মে, ২০২৬, ১১:৪৯ এএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:৪৯ এএম
রদ্রিগো থেকে গ্নাব্রি, বিশ্বকাপে দেখা যাবে না যেসব বড় নাম

২০২৬ বিশ্বকাপের উত্তাপ যতই বাড়ছে, ততই বাড়ছে দুঃসংবাদ। টুর্নামেন্ট শুরুর মাত্র দেড় মাস আগে একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ে ছিটকে যাচ্ছেন। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খাচ্ছে কয়েকটি শীর্ষ দল। 

গোল ডটকম জানায়, দীর্ঘ প্রস্তুতি, উত্তেজনাপূর্ণ বাছাইপর্ব ও নানা ঘটনার পর অবশেষে জুনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তবে ঠিক এই সময়েই চোটের ধাক্কায় বহু তারকার স্বপ্ন ভেঙে যাচ্ছে। সামান্য চোটও এখন হয়ে উঠছে বিশ্বকাপ মিস করার বড় কারণ।

বিশেষ করে ব্রাজিল দলে আঘাতটা সবচেয়ে বেশি। মার্চের শুরুতে হাঁটুর গুরুতর চোটে পড়েন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রদ্রিগো। স্ক্যান রিপোর্টে তার এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। একই দলে ডিফেন্ডার এদের মিলিতাও এপ্রিল মাসে উরুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। এছাড়া তরুণ প্রতিভা এস্তেভাওর খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

ফ্রান্স দলেও এসেছে বড় ধাক্কা। এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে পুরো ২০২৬ সালই মাঠের বাইরে থাকতে পারেন। অথচ লিভারপুলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পাকা করছিলেন তিনি। মার্চে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়সূচক গোলও করেছিলেন এই তরুণ।

নেদারল্যান্ডসের মাঝমাঠেও পড়েছে বড় শূন্যতা। এপ্রিলের শেষদিকে টটেনহামের হয়ে খেলতে গিয়ে হাঁটুর গুরুতর চোটে পড়েন জাভি সিমন্স। তার এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছে। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিলেন এই মিডফিল্ডার।

জার্মানির ক্ষেত্রেও একই চিত্র। বায়ার্ন মিউনিখের হয়ে ভালো মৌসুম কাটানোর পরও এপ্রিলের অনুশীলনে চোট পান সার্জ গ্নাব্রি। অ্যাডাক্টর ইনজুরির কারণে ২০১৮ সালের মতো এবারও বিশ্বকাপ মিস করতে হচ্ছে তাকে।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রও দুঃসংবাদ থেকে রেহাই পায়নি। এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডনে গুরুতর চোট পেয়ে ছিটকে গেছেন স্ট্রাইকার প্যাট্রিক আগিয়েমাং। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা।

একইভাবে মেক্সিকোর গোলরক্ষক লুইস অ্যাঞ্জেল মালাগনও অ্যাকিলিস ইনজুরিতে ছিটকে গেছেন। ফলে তার জায়গায় অভিজ্ঞ গিলার্মো ওচোয়ার জন্য আবারও বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, “বিশ্বকাপের আগে এমন চোটের ঢল দলগুলোর কৌশল বদলে দিতে বাধ্য করছে।” অনেক দলের কোচ এখন স্কোয়াড নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে