ইংল্যান্ডের নারী সুপার লিগে একসময় শিরোপা জয় ছিল নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মৌসুমের শেষভাগে এসে হঠাৎই চাপে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি নারী দল। বিশাল ব্যবধান গড়েও এখন তাদের শিরোপা লড়াই গড়াতে পারে শেষ ম্যাচ পর্যন্ত।
গোল ডটকম জানিয়েছে, জানুয়ারির শেষে ৯ পয়েন্টে এগিয়ে ছিল সিটি। ফেব্রুয়ারির শুরুতে চেলসিকে ৫-১ গোলে হারিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় ১১ পয়েন্টে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, লিগ শিরোপা তাদের হাতেই উঠছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমাতে শুরু করে আর্সেনাল।
মৌসুমের মাঝামাঝি পর্যন্ত সিটির পারফরম্যান্স ছিল দারুণ। ফেব্রুয়ারিতে আর্সেনালের কাছে হার বা মার্চে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র, এসব ফলাফল বড় কোনো প্রভাব ফেলেনি। বরং এরপর টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করে তারা।
ওল্ড ট্র্যাফোর্ডে সেই জয়ের পর কোচ আন্দ্রে ইয়েগলার্টজ বলেছিলেন, “চাপ থাকাটা স্বাভাবিক। আমরা সেটা স্বীকার করি এবং সেটার মধ্যেই নিজেদের খেলাটা ধরে রাখার চেষ্টা করি।”
কিন্তু পরিস্থিতি বদলে যায় হঠাৎই। গত সপ্তাহে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে যায় সিটি। লিগের শীর্ষ দলগুলোর বিপক্ষে আগে জয় না পাওয়া ব্রাইটনের কাছে এমন হার বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তাদের মতে, এখনই আসল পরীক্ষা। মৌসুমজুড়ে চাপ সামলানোর যে সক্ষমতা সিটি দেখিয়েছে, শেষ মুহূর্তে সেটিই ধরে রাখতে হবে। সামনে তুলনামূলক সহজ ম্যাচ থাকলেও অতীতের অভিজ্ঞতা দলটির ওপর মানসিক চাপ তৈরি করতে পারে।
এখন দেখার বিষয়, শেষ দুই ম্যাচে নিজেদের সামলে নিয়ে শিরোপা নিশ্চিত করতে পারে কি না ম্যানচেস্টার সিটি। নাকি শেষ মুহূর্তে এসে আবারও হতাশ হতে হবে তাদের।