নাসিরনগরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৩:১৬ পিএম
নাসিরনগরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে । এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের থানা রোডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,দিলীপ সরকারের মেসার্স আনন্দময়ী ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে । পরে মুহূর্তের মধ্যে আগুন আশ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে দিলীপ সরকারের মেসার্স আনন্দময়ী ভান্ডার,জগবন্ধু স্টোর,শামসু মিয়ার মুদিমালের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে। নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোতাহার হোসেন জানান, রাত ১২টা ১  মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৫ মিনিট সময় লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির  পরিমাণ প্রায় ২০ লাখ টাকা । তবে ক্ষতিগ্রস্তদের দাবী অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির  পরিমাণ আরও বেশি। এদিকে পূর্বভাগ গ্রামের ব্যবসায়ী জগবন্ধু দেবনাথের দোকানেও অগ্নিকাণ্ডে  ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা শুনে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে  হাসপাতালে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে