আটক ৫ বাংলাদেশীকে ৮ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৫ পিএম
আটক ৫ বাংলাদেশীকে ৮ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ আটক করে ৫ জন বাংলাদেশীকে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৮ দিন অতিবাহিত হলেও তাদের ফেরত দেয়নি বিএসএফ।

এ দিকে আটকদের স্বজনেরা জানতে পেরেছেন তাদের ইতোমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ দিকে তারা ফিরে না আসায় পরিবারের লোকজনও হতাশার মধ্যে পড়েছেন।

এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে বৈঠক শেষে আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার আশ্বস্ত করেছেন।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুল বশত: ভারতীয় সীমানায় চলে য়ায় রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিন জন পাট ব্যবসায়ী। এসময়  ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকেলে পতাকা  বৈঠক করেন বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে জানানো হয় তাদের ফেরত দেওয়া হবে না । সরকারীভাবে আবেদন করে তাদের ফেরত নিতে হবে।

আটক ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২),শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি  জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও  সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)। 

বিএসএফ হাতে আটক মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, এমপি ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা বলেছেন। দুই/এক দিনের মধ্যে তারা ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছেন।

এ দিকে আটক আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক ৫ জনকে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ পেয়েছে। এ কারণে তাৎক্ষণিক তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) সংসদ সদস্য আবু সাঈদ বলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে কথা হয়েছে। তাদের  জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছেন। 


আপনার জেলার সংবাদ পড়তে