মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামে পূর্বশত্রুতার জেরে পুলিশের সোর্স সন্দেহে সোনিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরাজিকান্দি গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৫ অক্টোবর রাত আনুমানিক আটটার দিকে নিজ বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে বিবাদীরা তাঁর ওপর হামলা চালান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই এলাকার সাইদুরের হাতে থাকা হকিস্টিক দিয়ে সোনিয়ার মাথা লক্ষ্য করে আঘাত করেন। এ সময় সোনিয়া বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করলে তাঁর বাম কনুইয়ের ওপরের অংশে আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্য অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সোনিয়া গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
ভুক্তভোগী সোনিয়া আক্তার জানান, অভিযুক্ত সাইদুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সম্প্রতি পুলিশ তাঁকে ধরতে আসে। এ ঘটনায় সাইদুর সন্দেহ করেন যে সোনিয়া পুলিশকে তথ্য দিয়ে তাঁকে ধরিয়ে দিয়েছেন। এরই ক্ষোভে গত ২৫ অক্টোবর রাতে পুলিশ চলে যাওয়ার পর সাইদুরের পরিবারের লোকজন তাঁর ওপর এই হামলা চালান। এতে তাঁর হাত ভেঙে যায় বলেও জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সাইদুরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’