মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চালকদের বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ উঠেছে।
এসব অনিয়ম বন্ধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন সাটুরিয়া উপজেলা ছাত্রদল নেতা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে স্মারকলিপিটি তোলে দে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান এবং জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
এতে উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও লেগুনার অনিয়মের কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং অপ্রাপ্তবয়স্ক সহকারীদের দেখা যায়। কোথাও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তাঁরা।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে চারটি প্রধান দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-উপজেলার সড়কে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ করা; শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা; বৈধ লাইসেন্সধারী চালক দিয়ে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা। এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ ও যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।