আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১১ নং মালখানগর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইউনিয়নের ঐতিহ্যবাহী তালতলা বাজার ও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তসলিম উদ্দিন শেখ।
এ সময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ প্রত্যাশা ও নিজের ভাবনার কথা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও বক্তব্য দেন। বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় এবং তাদের কথা শোনেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের গণসংযোগের মধ্য দিয়ে মালখানগর ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম ক্রমেই দৃশ্যমান হচ্ছে। গণসংযোগে সাথে ছিলেন মঞ্জুর হোসেন নির্মল, গোলাম মোস্তফাসহ অনেকে।