রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:৩২ পিএম
রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেলও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভারব্রিজের নিচে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে