হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:৩৬ পিএম
হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার ও শিশু-কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (৩০অক্টোবর) তিনি চট্টগ্রামের হাটহাজারী  উপজেলার ফরহাদাবাদস্থ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন। 

পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এতিম ও প্রতিবন্ধীদের উপযোগী করে গড়ে তুলছেন দেশের উন্নয়নে অংশীদার করতে। তাদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও তথ্য প্রযুক্তির বিষয়ে যোগ্য করে গড়ে তুলতে হবে। এসময় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপানারা তথ্য দিয়ে ঢাকার চেষ্টা করবেন না। যেটা বাস্তবতা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা যদি এটাকে সুন্দর ভাবে তুলে ধরেন যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করে তারা তখন নিবৃত্ত হবে।'

পরিদর্শনের সময় চট্রগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মুজাহিদুল ইসলাম,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ আবদুল্লাহ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ ফারজানা খানম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে মন্ত্রীকে কেন্দ্রের নিবাসী শিশুরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। তিনি শিশুদের তৈরিকৃত 'আলোকবর্তিকা' শিরোনামে দেয়ালিকার দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন। পরে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান  উপভোগ করে তিনি।

এর পূর্বে তিনি ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার ও শিশু-কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র ও কেন্দ্রের নতুন ভবন নির্মাণ স্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র , মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষন চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ, পুনর্বাসন/পুনএকত্রীকরণ ইত্যাদি নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে