মাটি কাটতে বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৪ পিএম | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৪ পিএম
মাটি কাটতে বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটি কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের সিরাজ দারোগা বাড়িতে ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, তাদের নিজস্ব পুকুর থেকে জোরপূর্বক মাটি কাটছিলেন গোলাম মোস্তফা সেলিম (৬৫) ও তার ছেলে এনাম (৩৩)। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পরে এনাম বহিরাগত লোকজন নিয়ে এসে তার চাচা গোলাম আকবরের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়। হামলার এক পর্যায়ে গোলাম আকবর ও তার স্ত্রী আছমা আক্তারকে মারধর করে আহত করা হয়। আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী গোলাম আকবর জানান, পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। তিনি অভিযুক্তদের বিচার দাবি করেছেন। ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে