কুমিল্লার হোমনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এছাড়া হোমনা বাজারে যানজট নিরসন এবং সামগ্রিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।