রাজধানীর উত্তরায় বিদেশি নাগরিকদের পরিচালিত কিটামিন উৎপাদন ল্যাবের সন্ধান পাওয়া শুধু একটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। ভ্রমণ ভিসায় এসে আবাসিক এলাকায় গোপনে মাদক উৎপাদন এবং তা আন্তর্জাতিকভাবে পাচারের ঘটনা প্রমাণ করে, দেশ এখন কেবল ট্রানজিট নয়-বরং উৎপাদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‘ক’ শ্রেণির মাদক কিটামিন, যা মূলত চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হলেও এর অপব্যবহার বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশে এর উপস্থিতি আগে সীমিত থাকলেও সাম্প্রতিক ঘটনায় দেখা যাচ্ছে, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশে ল্যাব স্থাপন করে উৎপাদন করছে। এতে বোঝা যায়, আন্তর্জাতিক মাদকচক্র এখন নতুন রুট ও নিরাপদ ঘাঁটি খুঁজে নিতে কৌশল বদলেছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে। ঘন ঘন বাসা পরিবর্তন, ভুয়া পরিচয়ে বসবাস এবং আন্তর্জাতিক কুরিয়ার ব্যবস্থার অপব্যবহার-এসব কৌশল ব্যবহারের মাধ্যমে তারা একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এমনকি একজনের ভিসার মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হলেও তা নজরে না আসা প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ল্যাব থেকে বিপুল পরিমাণ কিটামিন ও রাসায়নিক উপাদান জব্দ হওয়া যেমন ইতিবাচক, তেমনি এটি প্রশ্নও তোলে-এ ধরনের ল্যাব আরও কোথাও গড়ে উঠেছে কি না। কারণ আন্তর্জাতিক অপরাধচক্র সাধারণত এককভাবে কাজ করে না; তাদের বিস্তৃত নেটওয়ার্ক থাকে, যা স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত। এখানে আন্তর্জাতিক মাত্রাটিও গুরুত্বপূর্ণ। দুবাই, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় কিটামিন পাচারের তথ্য প্রমাণ করে, বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছিল একটি আঞ্চলিক মাদক সরবরাহ চেইনের অংশ হিসেবে। এতে দেশের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি ভবিষ্যতে আন্তর্জাতিক নজরদারি ও চাপও বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। এক্ষেত্রে ভিসা ও বিদেশি নাগরিকদের অবস্থান পর্যবেক্ষণে কঠোরতা বাড়াতে হবে এবং আবাসিক এলাকায় ভাড়া দেওয়া বাসা ও সন্দেহজনক কার্যক্রমের ওপর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করতে হবে। এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলোর নিরাপত্তা ও তদারকি আরও শক্তিশালী করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাদক নিয়ন্ত্রণকে কেবল আইন প্রয়োগের বিষয় হিসেবে না দেখে একটি সমন্বিত নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা। গোয়েন্দা নজরদারি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার উন্নয়ন ছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন। ঢাকার এই ঘটনা দেখিয়ে দিল, বৈশ্বিক অপরাধচক্রের ছায়া এখন দেশের ভেতরেই বিস্তৃত হচ্ছে। তাই সময় থাকতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়াই এখন সবচেয়ে বড় প্রয়োজন।