লালমনিরহাট থেকে লক্ষ্ণীপুরে আনার পথে যাত্রীবাহী বাসের নিচের বক্সে দমবন্ধ হয়ে ৪৫টি ছাগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগলের মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে লক্ষ্ণীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-লালমনিরহাট জেলার সাপটানা এলাকার বাস সুপারভাইজার মো. আবুল হাসেম এবং লক্ষ্ণীপুর সদর উপজেলার টুমচর গ্রামের ব্যবসায়ী মো. ফারুক। জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী বাসে করে মোট ৪৫টি ছাগল লক্ষ্ণীপুরে আনা হচ্ছিল। এর মধ্যে ফারুকের ২১টি, সফিকের ১৬টি এবং নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। ছাগলগুলো বাসের নিচের বক্সে গাদাগাদি করে রাখা হয়। দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতেই একপর্যায়ে দমবন্ধ হয়ে সবগুলো ছাগল মারা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ী ফারুক। ঘটনার পর ছাগল মালিকদের সঙ্গে বাস কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা শনিবার রাতে জানান, “প্রাণীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আইন অনুযায়ী উভয় পক্ষকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।” তিনি আরও জানান, মৃত ছাগলগুলো যথাযথভাবে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।