সিলেট থেকে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:২৩ পিএম
সিলেট থেকে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের ৬৪টি জেলায় একযোগে কর্মসূচিটি চালু করা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রায় ৫০০ খেলোয়াড়কে এর আওতায় আনা হবে বলে জানান তিনি। স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে নানা অনিয়মের কারণে সিলেট জেলা স্টেডিয়ামের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে