নামজারিতে নতুন দৃষ্টান্ত

পিরোজপুর জেলায় শীর্ষে জিয়ানগর এসিল্যান্ড অফিস

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ পিএম
পিরোজপুর জেলায় শীর্ষে জিয়ানগর এসিল্যান্ড অফিস

পিরোজপুর জেলার জিয়ানগর এসিল্যান্ড অফিস নামজারি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেবার গতি ও দক্ষতার দিক থেকে এ অফিস বর্তমানে জেলার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অফিস সূত্রে জানা যায়, জিয়ানগর এসিল্যান্ড অফিসে গড়ে মাত্র ৭ দিনের মধ্যেই মিউটেশন সম্পন্ন করা হচ্ছে, যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সময়। একই সঙ্গে, বর্তমানে ২৮ দিনের বেশি সময় ধরে কোনো নামজারি মামলা ঝুলে নেই বলে জানান তারা। জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, “জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে আমরা দুটি থিম নিয়ে কাজ করছি ‘সিঙ্গেল ডিজিট’ ও 'সিঙ্গেল ভিজিট'। ‘সিঙ্গেল ডিজিট’ এর আওতায় আমরা নামজারি সেবা ৯ দিনের মধ্যে বা তারও কম সময়ে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছি। আর সিঙ্গেল ভিজিট অর্থাৎ, নামজারি বা অন্য যে কোনো ভূমিসেবার জন্য একজন সেবাগ্রহীতাকে যেন একাধিকবার অফিসে আসতে না হয়। আমরা এই লক্ষ্য সামনে রেখে কাজ করছি, যাতে অল্প সময়ের মধ্যেই জনগণের নাগরিক সেবা নিশ্চিত করা যায়।” স্থানীয় সেবাগ্রহীতারা জানান, আগে যেখানে মিউটেশন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন সেখানে অল্প সময়েই কাজ শেষ হওয়ায় তারা সন্তুষ্ট। এতে ভোগান্তি কমার পাশাপাশি সরকারি সেবার প্রতি মানুষের আস্থাও বেড়েছে।