নাসিরনগরে

অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৫:১৪ পিএম
অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  বিপুল পরিমাণ জব্দ করা নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাক লঙ্গণ নদীতে টেকানগর  এলাকার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে ২৩০টি  রিং জাল ও ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি সাহেল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শরীফা আক্তারসহ নাসিরনগর থানা পুলিশ,উপজেলা মৎস্য ও ভূমি অফিসের স্টাফসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন । জব্দকৃত এসব জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি কম থাকায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় একদল অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে জলজ প্রাণী ও উপকারী জলজ কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাসিরনগর থেকে আমাদের স্টাফ রিপোর্টার আকতার হোসেন ভূইঁয়ার তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি।

আপনার জেলার সংবাদ পড়তে