পবা উপজেলা-র একটি ফিলিং স্টেশন থেকে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ধরা পড়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নওহাটা স্টেশনে কর্মরত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে যান। এ সময় অফিসের চাহিদাপত্র দেখিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল নেন। পরে আরও ১০০ লিটার অকটেন নেওয়ার চেষ্টা করলে উপস্থিত পুলিশের সন্দেহ হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, অফিসের কোনো অনুমোদিত চাহিদা ছিল না। পরবর্তীতে দেওয়া তেল ফেরত নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, অভিযুক্তরা ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য কৌশলে তেল নিতে গিয়েছিলেন, যা নিয়মবহির্ভূত। তিনি বিষয়টি জানার পর তাদের ভৎর্সনা করেছেন। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি গাড়ির অপব্যবহার এবং ভুয়া চাহিদাপত্র প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।