আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মের্সাস ইমন ট্রেড এন্ড এজেন্সির ডেলিভারীম্যান শাহীন আলম মার্কেট থেকে আদায়কৃত ১ লক্ষ ৮১ হাজার ৫৯০ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুনাকরকাটি গ্রামের আনছার আলী গাজীর ছেলে আনিছুর রহমান বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, গুনাকরকাটি বাজারে তার মের্সাস ইমন ট্রেড এন্ড এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানে কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মেজবাহ হোসেনের ছেলে শাহীন আলম এজেন্সির ডেলিভারীম্যান হিসাবে ৫ বছর কর্মরত। তিনি বুধহাটা এরিয়া সহ থানা এরিয়ার ১১ ইউনিয়নের বিভিন্ন বাজারে মালামাল ডেলিভারী করে এবং নগদে বকেয়া আদায় করে থাকে। গত ২৯ মার্চ তিনি বিছট বাজার থেকে ডেলিভারী শেষে নগদ ১ লক্ষ ১ হাজার ৭২৫ টাকা ও বকেয়া পাওনা ৭৯ হাজার ৮৬৫ টাকা সর্বমোট ১ লক্ষ ৮১ হাজার ৫৯০ টাকা নিয়ে নিজ বাড়ী এলাকায় পৌছে সন্ধ্যা আনুঃ ৭ টার সময় তার ভাই তুহিন হোসেন, পিতা মেজবাহ হোসেন, মাতা আয়েশা খাতুন এর যোগসাজসে ডেলিভারী গাড়ী হতে জরুরী কাজের বাহানায় ৫মিনিটের জন্য বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আর ফিরে আসেনি। তার বাড়ীতে একাধিকবার যোগাযোগ করলেও কোন সন্ধান পাওয়া যায়নি। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে আনিছুর রহমান বাদী হয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্ত শাহীন আলমের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইলে বারবার রিং করেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।