ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় আটক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৫:২৮ পিএম
ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের (হীরা) নাকফুল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল চারটার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি দল এই অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সমরেশ দাস (চালক) ও একই এলাকার রাম মন্ডল।

বিজিবি জানায়, ভারত থেকে পণ্যবাহী ট্রাকে করে ডায়মন্ডের নাকফুল পাচার করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা চেকপোস্টে অবস্থান নেন বিজিবি সদস্যরা। বিকেল চারটার দিকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে একটি পণ্যবাহী ট্রাক (ওঘউ ডই ৫৯ ই৯৯১৯) বাংলাদেশের সীমান্তে প্রবেশ করলে সেটি থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত ২১৬টি ডায়মন্ডের নাকফুলের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা ভারতীয় ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব নাকফুল বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে