চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবী অ্যাড.একেএম সলিম উল্যা সেলিম। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় জেলা পরিষদ, চাঁদপুরে নবযোগদানকৃত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম-এর শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. কবির হোসেন সরদারের সভাপ্রধানে এবং সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা পরিষদে নবযোগদানকৃত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহাজান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,হাজী মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড.হারুনুর রশিদ,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ডালিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের নতুন প্রশাসকের সহধর্মিনী রৌশন আরা সেলিম এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন,চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনের সবার পরিচিত মুখ, দলীয় নেতা কর্মীদের আস্থাভাজন আমাদের প্রিয় নেতা অ্যাড. সলিম উল্যা সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত করায় চাঁদপুর জেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। চাঁদপুরের মন্ত্রী ও সকল এমপিবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। চাঁদপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে উনি চাঁদপুর জেলাবাসীর পাশে থাকবেন এবং সততার সঙ্গে কাজ করবেন। দলীয় নেতাকর্মীদের যেভাবে আগলে রেখেছেন উনার কর্ম পরিধি এখন আরো বেড়ে গেল। সেলিম ভাই একটি শক্তিশালী, উন্নয়নমুখী ও গণমুখী জেলা পরিষদ গড়ে তোলতে সক্ষম হবেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নতুন প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম তাঁর বক্তব্যে দলের সকল স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মিসহ জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সহযোগিতা কামনা করে বলেন,নবনিযুক্ত প্রশাসক তাঁর বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, দায়িত্ব পাওয়া সহজ, দায়িত্ব পালন করা আরো বেশি কঠিন। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমাকে এই দায়িত্বে অধিষ্ঠিত করেছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার একটি সুযোগ। “আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই দায়িত্ব পরিপূর্ণভাবে ন্যায় এবং সততার সাথে যেন পালন করতে পারি জেলাবাসি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অ্যাড. সেলিম আরো বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে আলাপ আলোচনা করে চাঁদপুরের মন্ত্রী সংসদ সদস্যবৃন্দ এবং শেখ ফরিদ আহমেদ মানিক এমপির চেষ্টা এবং আগ্রহে আমার এই অবস্থান তৈরি হয়েছে। এজন্য আমি চাঁদপুর জেলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা যুদ্ধে এবং জনগণের মুক্তির আন্দোলনে সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চাঁদপুরে নিহত ২৩ জন ও জুলাই আন্দোলনে চাঁদপুরের নিহত ২৯ জনকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে বেলা ১১.৩০ মি. জেলা পরিষদ কার্যালয়ে পৌছালে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নব নিযুক্ত প্রশাসককে স্বাগত জানান।