চাঁদপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনার একদিন পরেই ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান শুরু করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হাসপাতালে দালাল সন্দেহে ৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (০২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ডিবি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক সাহাব উদ্দিন, শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।এদের মধ্যে দু একজন হাসপাতালে আউটসোর্সিং সদস্য হিসাবে কাজ করছে। ডিবি সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে অন্য দালালরা সতর্ক হয়ে পালিয়ে যায়। এছাড়া নারী পুলিশ না থাকায় মহিলা দালালদের আটক করা সম্ভব হয়নি। আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হাসপাতাল এলাকায় দালালচক্র নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।