চাঁদপুর -৩ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। এদিন বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনি এলাকার (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় নদী ভাঙ্গন সমস্যার বিষয়টি তুলে ধরেন শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্যের শুরুতে তিনি সংসদের স্পিকার ব্যারিস্টার মেজর (অব.) এম হাফিজ উদ্দিনের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর -৩ সদর আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন আজকের সংসদ অধিবেশনে (২ এপ্রিল ২০২৬) চাঁদপুর-৩ আসনের মানুষের পক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম। জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি সবসময় সোচ্চার থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও সমর্থন কাম্য।