বিএনপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম
বিএনপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধার বিরুদ্ধে মো. মিন্টু নামের এক ব্যক্তিকে আটক করে হাত-পা বেঁধে  বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদক বিক্রির অভিযোগে মিন্টু নামের ওই ব্যক্তিকে আটকের পর লাঠি দিয়ে বেধরক মারধর ও নির্যাতনের পর তাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর আগে শনিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড় সংলগ্ন এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। আইনের হাতে তুলে না দিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে ওই ব্যক্তিকে নির্যাতন করার বিষয়টিকে আইনবিরোধী বলে মন্তব্য করেছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর এলাকার বাসিন্দা মো. মিন্টুর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক বিক্রি করছেন এমন অভিযোগ তুলে শনিবার দুপুরে মিন্টুকে আটক করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা। এ সময় তিনি ও তার সহযোগিরা মিলে মিন্টুকে ধরে হাত ও পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে বড় কাঠের টুকরো দিয়ে মিন্টুর দুই পা ভেঙে ফেলার চেষ্টা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  রিয়াজ মৃধা।

এ সময় ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময়ে রিয়াজ মৃধাকে বলতে শোনা যায় তুই রিয়াজ মৃধাকে চিনো না। আজকের মধ্যে এলাকা থেকে চলে যাবি। আমি চাইছিলাম আজকে তোর দুইটা পা ভেঙে দিতে। সবার দিকে তাকাইয়া আজকের মতো তোকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তিকে নির্যাতনের ভিডিওটি রফিক সরদার নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপির কর্মীরা বলেন, মিন্টু নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিলো। বিএনপির সাধারণ সম্পাদক এভাবে প্রকাশ্য জনসম্মুখে মারধর করতে কিংবা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। তারা আরো বলেন, রিয়াজ মৃধার ছোট ভাইয়ের বিরুদ্ধেও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন।  এ বিষয়ে বানরীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধাকে ফোন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, মারধরের বিষয়ে আপনাকে বলতে হবে কেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনার (বিএনপি নেতা) আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আপনার বিষয় না। প্রচলিত আইনে কি হয় আপনি সেটা ভালোভাবেই জানেন। একপর্যায়ে তিনি ক্ষেপে গিয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান বলেন, কাউকে আটক করে মারধর ও নির্যাতন করার বিষয়টি আমার জানা নেই। মিন্টু নামের কোন মাদক বিক্রেতার নাম তালিকায় আছে কিনা তাও তিনি জানেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে