শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রী প্রদান বিষয়ে সংবিধি প্রনয়ণ ও বাস্তবায়নের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। একইসাথে যেসকল শিক্ষক প্রশাসনিক কাজে সম্পৃক্ত রয়েছেন সেসকল শাটডাউন কর্মসূচি পালন করছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় তারা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিষয়টির যেন দ্রুত সমাধান করা হয় তারা সেই দাবি জানিয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা পূরণ না হওয়ায় তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, ইউজিসির কথা সংবিধি প্রণয়নের আগ পর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে, বাকিগুলো সব ঠিক থাকবে। কিন্তু শিক্ষকরা তা মানতে অপরাগতা প্রকাশ করেছেন।