প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ পিএম | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলায় আন্তঃউপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ড কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নওয়াপাড়া রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও ধুলগ্রাম চন্দ্গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্য দেখিয়ে নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের ১০ নাম্বার জার্সিধারী মোকাবির। বিজয় দলের পক্ষে তিনি ২ টি গোল করেন।  খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওলিয়ার রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে