মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে তারা (ইরানের খেলোয়াড়রা) আসতে পারবে না।’ একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসে তিনি বলেন, ‘তার প্রশাসন ক্রীড়াবিদদের ওপর কোনো প্রভাব ফেলতে চায় না।’
রুবিও আরও বলেন, ‘সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা হয়তো তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে পারব না, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই।’তিনি অভিযোগ করেন, ‘আইআরজিসি সম্পর্কিত লোকদের সাংবাদিক বা ট্রেনারের পরিচয়ে দেশে ঢোকানোর সুযোগ দেয়া হবে না।’ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইআরজিসিকে একটি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।