সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং আনুমানিক মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলীপুর (বাঁকাল চেকপোস্ট সংলগ্ন) এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার করা হবে। এর প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। গত ২৩ এপ্রিল বিকেলে খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় ইজিবাইকযোগে আসা সন্দেহভাজন এক নারীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। আটককৃত নারী মোসা. শিউলী আক্তার (২৩), সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। তিনি স্বর্ণগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানা গেছে। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।