হাসিনার মতো বিদায় নিতে চাই না: এমপি সিরাজ

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ পিএম
হাসিনার মতো বিদায় নিতে চাই না: এমপি সিরাজ

বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পূজা-অর্জনা ও পুণ্যার্থীদের উপস্থিতিতে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে এমপি সিরাজ বলেন, “শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ। আমি ইতোমধ্যে জাতীয় সংসদে গ্যাস লাইনের বিষয়টি উত্থাপন করেছি এবং এটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছি।” তিনি আরও জানান, শেরপুর পৌরসভার ব্যাপক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে ১০০ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া পৌর এলাকার সীমানা সম্প্রসারণের বিষয়েও সরকার পরিকল্পনা করছে বলে তিনি উল্লেখ করেন।

পৌর শ্মশানে যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য মঞ্চে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। রাস্তাঘাটের এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী জনপ্রতিনিধিদের দায়ী করে তিনি বলেন, “পৌরসভার রাস্তার এই বেহাল দশার জন্য প্রাক্তন দুই মেয়র কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারবেন না।” দলের শৃঙ্খলা ও চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাকে সাথে সাথে পুলিশের হাতে তুলে দেবেন।” বক্তব্যের শেষে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “হাসিনা বিদায় নিয়েছেন। আমরা তাদের মতো ঘৃণা নিয়ে বিদায় নিতে চাই না। আমরা আপনাদের সেবা করে এবং কাজ করে মানুষের হৃদয়ে থাকতে চাই।” অনুষ্ঠানে জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানি সানভি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করার জন্য সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন মন্দির নির্মাণসহ আপনাদের সকল ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।” মহাশ্মশান কমিটির উপদেষ্টা বাবু সমীর কুন্ডু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস রিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু এবং শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু, কমিটির উপদেষ্টা বাবু গোবিন্দ কুমার বাগচী, সাবেক মেয়র ও কমিটির উপদেষ্টা স্বাধীন কুমার কুন্ডু, গোলাম মাহাবুব প্যারিস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রসিদ আপেল এবং কমিটির উপদেষ্টা বাবু সবুজ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে