কলেজ ছাত্রী সানজিদা কবির অনিতা হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ থেকে অনতিবিলম্বে হত্যায় অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করা হয়। রবিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
বক্তারা বলেন, অনিতা হত্যায় অভিযুক্ত হিমু এর আগেও ঝালকাঠিতে আরেক নারীকে হত্যা করেছে। কিন্তু আইন এতোটাই দুর্বল যে হত্যাকারীর বিচারের দীর্ঘসূত্রিতার কারনে আবারো সে খুন করার সুযোগ পেয়েছে। বক্তারা আরও বলেন, হত্যাকান্ডের তিনদিন পরেও হিমুকে কোন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।