বরিশালের হিজলায় ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামের একটি সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাজী রফিকুল ইসলাম উপজেলার নরসিংহপুর গ্রামের কাজী নূরনবীর ছেলে এবং মেহেদী হাসান দক্ষিন গুয়াবাড়িয়া গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হিজলা থানা পুলিশ জানায়, রফিকুল ইসলাম ও মেহেদী হাসান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. সোলায়মানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় দক্ষিণ গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালায়। ওই সময় একটি সেতু এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ৫০টি ইয়াবা পাওয়া যায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।