কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জোরদার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২৭ এপ্রিল অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক সফল অভিযান পরিচালনা করে আসামীসহ অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান সামগ্রী উদ্ধার করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ এপ্রিল সোমবার দুপুরে চিলমারী বিওপির একটি চৌকষ টহল দল ছলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মঙ্গল মোল্লা (৪৮) পিতা মোঃ মালেক মোল্লা, গ্রাম-ছলিমের চর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়াকে আটক করে। আটককৃত ব্যক্তির নিকট হতে ১টি ওয়ান শুটার গান, ২টি হাতবোমা, ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে বিকেলে পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৪,০৯,৫০০ টাকা। অপরদিকে, কাজীপুর বিওপির টহল দল একই সময়ে কাজীপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৬,০০০/- টাকা। এছাড়া, রংমহল বিওপির টহল দল কাজীপাড়া পাকরতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪৫ কেজি ভারতীয় ডিএপি সার উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১৫,৬৮০/- টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।