গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদার্পণ করলো মফস্বল সাংবাদিকতার বাতিঘর,দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। এই দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করতে রাখতে শুরু হয়েছে তিনদিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালা।
আজ শুক্রবার (১ মে) সকাল দশটায় কেক কাটা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়েছে। প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সকালে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে কেককাটা হয়। এরপর ছিলো মিষ্টিমুখ। কর্মসূচির দ্বিতীয়দিন শনিবার (২ মে) সকাল দশটায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। ওইদিন বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। একইদিন সন্ধ্যা পৌনে সাতটায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিন রোববার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা,র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কর্মসুচির দ্বিতীয়দিন ২ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি,সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল,পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল,পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে বিএনপি থেকে নির্বাচিত অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু,জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জানান, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। একইদিন মফস্বল সাংবাদিকদের সেসময়কার একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্য যুক্ত হন।