পাঁচ বছরের সংসারে ইতি, বিচ্ছেদের পথে ইভিলিন শর্মা

এফএনএস বিনোদন | প্রকাশ: ২ মে, ২০২৬, ০২:১৪ পিএম
পাঁচ বছরের সংসারে ইতি, বিচ্ছেদের পথে ইভিলিন শর্মা

বলিউড অভিনেত্রী ইভিলিন শর্মা তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। তবে আলাদা হলেও সন্তানদের একসঙ্গে বড় করার প্রতিশ্রুতি দিয়েছেন এই দম্পতি।

এক বিবৃতিতে ইভিলিন বলেন, “আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ব্যক্তিগত গোপনীয়তা চাই এবং এটি যতটা সম্ভব সৌহার্দ্যপূর্ণভাবেই হচ্ছে।” তিনি আরও জানান, “আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি।”

২০২১ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইভিলিন ও তুষাণ। করোনা মহামারির কারণে বড় আয়োজন না করে সীমিত পরিসরে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের কিছুদিন পর সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। সেই বছরই নভেম্বরে জন্ম নেয় তাদের কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে তাদের ঘরে আসে পুত্রসন্তান আরডেন।

এর আগে ২০১৯ সালে সিডনিতে তুষাণের সঙ্গে বাগদানের ঘোষণা দেন ইভিলিন। জানা যায়, ২০১৮ সালে একটি ব্লাইন্ড ডেটের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্কের শুরু। কয়েক বছরের সম্পর্কের পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইভিলিন শর্মার। এরপর ‘ইয়ারিয়ান’, ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। যদিও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন, তবে সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন।

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত ভক্তদের জন্য কিছুটা হতাশার হলেও, পারস্পরিক সম্মান ও সন্তানের প্রতি দায়বদ্ধতার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন অনেকে। এখন দেখার বিষয়, নতুন এই অধ্যায়ে নিজেদের জীবন কীভাবে গুছিয়ে নেন এই দুইজন।

আপনার জেলার সংবাদ পড়তে