আশাশুনি গার্লস স্কুলে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৮:৩০ পিএম
আশাশুনি গার্লস স্কুলে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১ টায় স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সংবর্ধিত অতিথি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি। সহকারী শিক্ষক আনম আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ, জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বাজার কমিটির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন। প্রধান অতিথি এমপি রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, আমার নির্বাচনী এলাকার আশাশুনি গার্লস স্কুলসহ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম ডিও লেটারের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আশাশুনির রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। নির্বাচনী এলাকার কাচা রাস্তা, পাকা রাস্তা উন্নয়ন, সুপেয় পানি ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, ভেড়ী বাঁধ নির্মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি গার্লস স্কুলের উন্নয়নের কাজ করা হবে উল্লেখ করে বলেন, স্কুলে কেবল লেখাপড়া শেখালে হবেনা, লেখাপড়ার পাশাপাশি নীতি নৈতিকতার ব্যাপারে শিক্ষক, কর্মচারী, স্কুল পরিচালনা কমিটি এবং সর্বোপরি শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে স্কুলের সকল শ্রেনিতে ভাল রেজাল্ট করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি রবিউল বাশার।

আপনার জেলার সংবাদ পড়তে