বরিশালে তিন রোগীর দালাল আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৪:৪৪ পিএম
বরিশালে তিন রোগীর দালাল আটক

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন রোগীর দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ( ৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রপ্তরা হলেন রিনা খানম, তাসলিমা আক্তার ও নাসরিন আক্তার। অভিযুক্তদের মধ্যে নাসরিন আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অপর দুইজন রিনা খানম ও তাসলিমাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে প্রেরন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে দীর্ঘদিন থেকে নির্দিষ্ট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। ভূক্তভোগীদের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে আকস্মিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থলে উল্লেখিত তিন নারী দালালকে আটক করা হয়।