সম্প্রতি বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ। জাতীয় দলে আগে খেলা এই ক্রিকেটার দীর্ঘ দিন খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। এবার নিচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটার বাছাইয়ের দায়িত্ব। বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি হওয়ার সাথে শামসুরের বিসিবির চাকরির যোগসূত্র খুঁজছেন অনেকেই। তবে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন শামসুর। এক সাক্ষাৎকারে শামসুর বলেছেন, ‘বটবাহিনী মববাহিনীর কথা শুনে আমার কিছু যায় আসে না। ওরা ফেসবুকে কী লিখল সেটাতেও আমার যায় আসে না। এগুলো আসলে যাদের খেয়ে দেয়ে কাজ নাই। বটবাহিনী, এক জনের কাছে ১০-১২ হাজার ফেসবুক ফেইক আইডি থাকে। যারা অইখান থেকেই লেখে।’ শামসুর আরও বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনি পড়ে থাকলে তো আসলে জীবন চলবে না। ভালো কাজ করলে ভালো কথা শুনতে হবে, খারাপ কাজ করলে সমালোচনাও শুনতে হবে এটাই স্বাভাবিক। এটাই প্রফেশন। যোগ্যতা আছে বলেই আমাকে দিয়েছে। যোগ্যতা না থাকলে দিত না। বন্ধু হিসাব করলে তো আরও বড় কিছু হয়ত দিত, তা তো দেয়নি। আমাকে কোন জায়গায় কাজ করালে ভালো হবে তা সে (তামিম) খুব ভালো করেই জানে। এজন্য বয়সভিত্তিক পর্যায়ে (নির্বাচক) দিয়েছে। বন্ধুত্ব নয়, যোগ্যতা আছে বলেই দিয়েছে।’ শামসুর আরও বলেছেন, ‘বয়সভিত্তিক নিয়ে কাজ করা। এর থেকে যত ভালো প্লেয়ার আমি জাতীয় দলের জন্য দিতে পারব এটা ভালো। এরা ছোট ছেলে, এদের পাওয়ারহিটিংয়ের চেয়ে অ্যাপ্রোচ, গেম সেন্স, মাঠে থাকা এগুলো বেশি জরুরি।’ বয়সভিত্তিক পর্যায়ে এক বছরের চুক্তিতে নির্বাচকের দায়িত্ব নিয়েছেন শামসুর রহমান শুভ।