কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৫:০৬ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেওয়া আগামী ৫ বছরে (২০২৬-২০৩০ পর্যন্ত) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।  বুধবার (৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় তিনি কয়েকটি গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।  এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপরিকল্পিত ও বিক্ষিপ্তভাবে গাছ লাগানো হয়েছে। তবে আমরা এবার পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আগামী ৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ে মোট চার হাজার পাঁচশত বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ 

  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  আগামী পাঁচ বছরের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে প্রকল্পের আওতায় চলতি বছরের বর্ষা মৌসুমে মোট ১ হাজার, রাজস্ব খাত হতে ২০২৭ সনে ২ হাজার এবং ২০২৮ হতে ২০৩০ সন পর্যন্ত প্রতি বছর পাঁচশত করে মোট ৪৫০০ টি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে