চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (০৭ মে) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকায় পরিচালিত পৃথক টাস্কফোর্সের অভিযানে দুই মাদকসেবী মাকসুদ আলম (৩৬) ও মো. রুবেল দেওয়ান (৩৫)কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান শেষে রাতে এসব তথ্য নিশ্চিত করেন ডিএনসি চাঁদপুরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। ডিএনসি সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ব্যাংক কলোনী (দারোগা বাড়ী) এলাকার বাসিন্দা মাকসুদ আলম (৩৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা। একই অভিযানে বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকার আরেক বাসিন্দা মো. রুবেল দেওয়ান (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকেও ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিএনসির যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ডিএনসি'র এই কর্মকর্তা।