মানুষের সুখ-দুঃখে নির্ভরতার নাম আসলাম চৌধুরী এমপি

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৪১ পিএম
মানুষের সুখ-দুঃখে নির্ভরতার নাম আসলাম চৌধুরী এমপি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরব অংশগ্রহণের মাধ্যমে আবারও জনআস্থার প্রতীক হয়ে উঠেছেন চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। শুক্রবার দিনব্যাপী উপজেলার বাঁশবাড়িয়া ও ভাটিয়ারী ইউনিয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন তিনি।

জানা যায়, পবিত্র জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে বাঁশবাড়িয়া ইউনিয়নে যান লায়ন আসলাম চৌধুরী। নামাজ শেষে তিনি স্থানীয় কবরস্থানে গিয়ে মরহুম আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর কবর জিয়ারত করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় তাঁর উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জুম্মার নামাজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, সদস্য সচিব মোঃ মোরসালিন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সমাজসেবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হওয়াই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব। মানুষের ভালোবাসাই আমার শক্তি। সীতাকুণ্ডের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি সবসময় মাঠে ছিলাম, আছি এবং থাকব। পরে ভাটিয়ারী ইউনিয়নের সাবেক মেম্বার খাইরুল আলমের অসুস্থতার সংবাদ পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান সাবেক এই সংসদ সদস্য। সেখানে তিনি অসুস্থ খাইরুল আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন লায়ন আসলাম চৌধুরী। তিনি নিয়মিত অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তাঁর এমন মানবিক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। স্থানীয়দের মতে, গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও ধারাবাহিক জনসম্পৃক্ততার মাধ্যমে আবারও মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান জানান দিচ্ছেন সাবেক এই সংসদ সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে