মুক্তাগাছায় উপজেলার বিরাশী গ্রামে বসতঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)। বুধবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা ব্যাংক হিসাব না থাকায় বাড়িতে স্টিলের ট্যাংকে রেখে দেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরবে থাকায় বাড়িতে একাই বসবাস করছিলেন তার মা হাসিনা বেগম।গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্যাংক ভেঙে ৩৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ওসির নেতৃত্বে একাধিক টিম অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দুই আসামিকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজন পেশাদার ছিনতাইকারী ও চোর চক্রের সক্রিয় সদস্য।তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া টাকাসহ আসামিদের আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হবে।