ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মাঝখান দিয়ে ভয়ে যাওয়া খানাখন্দে ভরপুর ১৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। তিনি সংস্কার উদ্বোধনের সময় বলেন, একটি দল থেকে মনোনয়ন পেয়েছি, এমপি হয়েছি উপজেলার সকল মানুষের। ফুলবাড়ীয়ার সকল উন্নয়ন কাজে সকলের সহযোগিতার দাবি জানান তিনি।
ফুলবাড়িয়া বাজার, কৈয়ারচালা, আছিম বাজার, আছিম কলেজ রোড ভায়া ত্রিশাল উপজেলার বগার বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর ছিল। সামান্য বৃষ্টির পানিতেই সড়কের অনেক স্থানে ডোবায় পরিণত হয়। পথচারীসহ যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভালুকজান মাছের আড়ৎ সংলগ্ন থেকে সংস্কার কাজ শুরু করা হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মানিক চন্দ সাহাসহ,অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।