ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা কান্দিপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকালে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে পুরো কান্দিপাড়া এলাকাকে ফুটবল উৎসবে পরিণত করে। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, পেশাগত স্বীকৃতি খেলোয়াড়রা পাবার জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় একযোগে নতুন কুড়ি স্পোর্টস শুরু করেন।
তিনি আরও বলেন, আমি মন্ত্রী হিসেবে এখানে আসেনি, এসেছি একজন ফুটবলার হিসেবে। বাংলাদেশের মানুষের কাছে ফুটবলটা বেশি জনপ্রিয়। তাই ফুটবল ঐতিহ্যকে ধরে রেখে ফুটবলকে এগিয়ে নিতে চাই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু ও ময়মনসিংহ -১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। দেশের যুবকদের জন্য তিনি স্বপ্ন দেখতেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খেলা-প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা, উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতির ছিল লক্ষণীয়। ফাইনাল খেলায় দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব ও কে বি এন স্পোর্টিং ক্লাব, উস্থি দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। খেলায় ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারের মাধ্যমে দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব বিজয়ী হন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা ট্রফি তুলে দেন। একই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজনকে আরো মর্যাদাপূর্ণ করে তোলে।
কান্দিপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রিয়াজুল হক রিপন এবং ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার রানা ও মাসুদ।