শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসাকে কেন্দ্র করে বেশকিছু দাবী এ জনপদের মানুষ তাঁর দৃষ্টি আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন। ১৫ মে শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই আগমনকে ঘিরে প্রস্তুতি জানাতে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব বলেন জেলা বিএনপি সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি জানান, হাইমচরে ৭ থেকে ৮ হাজার একর জমির মধ্যে অর্থনৈতিক জোনের প্রক্রিয়াটি যাতে শেষ হয়, এছাড়া সদর বা যেকোন উপজেলায় ২ আড়াই’শ একর জমিতে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের জন্য একটি ইপিজেড, চাঁদপুরের মতলব উত্তর হতে হাইমচর পর্যন্ত নদী রক্ষায় স্থায়ী বাঁধসহ আরও বেশ কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব তাঁর দৃষ্টি আকর্ষণ করে দাবী করা হবে।
তিনি জানান, বেলা ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ 'খোদ খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন 'বিশ্ব খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর চাঁদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত 'ফ্যামিলি কার্ড বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। সফর শেষে ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। এদিকে এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই চাঁদপুর সরকারি কলেজ মাঠে লক্ষাধিক লোক জমায়েত হওয়ার বিএনপির দলীয় নেতাকর্মী হতে বিশেষ ইঙ্গিত পাওয়া গেছে। প্রেস ব্রিফিং এ সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক আরো বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন চাঁদপুরের ইতিহাসে স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।আমরা সবাই তারেক রহমানের আগমনে প্রস্তুত, চাঁদপুরবাসীও প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি বলেন,হাইমচরে অর্থনৈতিক জোন এর সাথে সাথে চাঁদপুরে একটি ইপিজেডও চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, চাঁদপুর মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নদী ভাঙ্গন রোধের স্থায়ী ব্যবস্থা,ইপিজেড,অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো যেনো চলমান করেন। প্রেস ব্রিফিং এর সময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ সহ আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এমএ লতিফ এবং অন্যরা।